সিসি নিউজ: জেলার প্রথম শ্রেনীর সৈয়দপুর পৌরসভার জুনিয়র ও প্রাথমিক পরীায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি এবং গুণীজন সম্মাননা প্রদান করা হবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় (৮ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র মতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন-একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।
সৈয়দপুর পৌর এলাকার সাতজন গুণী ব্যক্তি হিসেবে যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন-শিক্ষায় সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার হোসেন মিয়া, সাহিত্যে রেজানুর রহমান, স্বপন আদনান (মরণোত্তর), সাংবাদিকতায় আমিনুল হক, সমাজসেবায় সাবেক এমপি মুজিবুর রহমান (মরণোত্তর), ক্রীড়ায় মো. ইয়াকুব মারজাদ ও আছাদুর রহমান সরকার বাটু (মরণোত্তর)। সৈয়দপুর পৌরসভার পক্ষে গুণী ব্যক্তিদের এ সম্মাননা জানানো হবে।
সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জানান, ২০১৪ সাল থেকে পৌর এলাকায় যারা নিজ নিজ কর্মে অবদান রেখেছেন তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।তিনি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।