ফরিদপুর: ফরিদপুরে দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে গোলাগুলি বন্ধ হয়। পরে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, পুলিশ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দশটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২৫ নভেম্বর ফরিদপুরের মধুখালী উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে ধারণা করছে পুলিশ।