রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর ৩২নং ওয়ার্ডের বারো আউলিয়া এলাকায় গত রোববার কাচাঁ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। প্রায় দেড় কিলোমিটার কাচাঁ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় বারো আউলিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, ধর্মদাস আলহাজ্ব আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ সাজু, সমাজসেক সামসুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর মিয়া।
রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং যুগ্ন সম্পাদক আবু সুফিয়ান মুকুলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ঠিকাদার আজাদ চৌধুরী, সমাজসেক শফিকুল ইসলাম, মাহিগঞ্জ কলেজের প্রভাষক আব্দুর রউফ, ব্যবসায়ী আতাউর রহমান ও মুফতি জামিলসহ বিভিন্ন রাজনৈতিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।