সিসি নিউজ: দিনাজপুর-পার্বতীপুর-ঢাকার মধ্যে শুরু হয়েছে আন্তঃনগর দ্রুতযান ট্রেন চলাচল। আজ শুক্রবার বিজয় দিবসের দিনে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা লাল-সবুজ কোচ সমন্বয়ে তৈরি এ ট্রেনের যাত্রা শুরু হয়।
সকাল ৭টায় দিনাজপুর রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি মিটারগেজের পরিবর্তে ব্রডগেজ রেলপথে চলাচল করবে। আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রে ট্রেনটিতে ২০টি কোচ রয়েছে। এর মধ্যে এসি শ্লিপিং বাথ ১টি, এসি চেয়ার কোচ ১টি, পাওয়ারকার ১টি, খাবার গাড়ী ১টি, বাকি সবগুলো হবে শোভন চেয়ার কোচ। বিলাসবহুল ট্রেনটিতে যাত্রী ভ্রমণ অধিকতর আরামদায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।