কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার ঝিংলাতলি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আবদুল আউয়াল জানান, রাতে নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ঝুমুর পরিবহনের বাসটি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মুত্যু হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের গৌরীপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত এক বাস যাত্রী জানান, হতাহতরা বেশিভাগই শ্রমিক। তারা কাজের উদ্দেশে কুমিল্লা যাচ্ছিল।