চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার কুড়িগ্রামের চিলমারীতে নতুন করে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নাম না থাকায় যাচাই বাছাই অনুষ্ঠান পন্ড হয়েছে। জানাগেছে,মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নাম না থাকায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা যাচাই বাছাই বন্ধের জন্য কমিটির সভাপতি ও সদস্য সচিবের নিকট ক্ষোভ প্রকাশ করে। এরপরও কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ৬ইউনিয়নের আবেদনকারীদের জন্য পৃথকভাবে ৬দিন ধার্য করে একটি নোটিশ প্রদান করেন। সে মোতাবেক শনিবার উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের জন্য দিন ধার্য করা হয়। যাচাই বাছাইয়ের সকল প্রস্তুতি নেয়া হলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যাচাই বাছাই কমিটির সদস্য সচিব বরাবরে কর্মকান্ড স্থগিতের জন্য আবেদন করেন। ফলে যাচাই বাছাই কমিটি উপস্থিত থাকলেও আবেদনকারীরা তা প্রত্যাখ্যান করে সেখানে উপস্থিত না হওয়ায় যাচাই বাছাই কার্যক্রম পন্ড হয়ে যায়। এব্যাপরে চিলমারী কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার এ এস এম নজরুল ইসলাম বলেন, হীন চক্রান্ত চালিয়ে আমাকে কমিটির বাইরে রেখে ভুয়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির চেষ্টা করা হচ্ছে। কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বলেন,মন্ত্রালয়ের সিদ্ধান্ত মোতাবেক যাচাই বাছাই কমিটিতে উপজেলা কমান্ডারের নাম থাকার কথা থাকলেও ভূল বসত চিলমারী উপজেলা কমান্ডারের নাম বাদ পড়ায় আমি মন্ত্রনালয়ে লিখেছিলাম। সেটির সংশোধনী না আসায় মন্ত্রনালয়ে সিদ্ধান্ত মোতাবেক যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিন উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের যাচাই বাছাই থাকলেও কোন আবেদনকারী উপস্থিত না হওয়ায় আজকের মত বন্ধ করা হলো। কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ বলেন,সরকারী সিদ্ধান্ত মোতাবেক সিডিউল অনুযায়ী রবিবার চিলমারী ও নয়ারহাট ইউনিয়নের ৪৪জন আবেদনকারীর যাচাই বাছাই করা হবে।