মাহবুবুল হক খান, দিনাজপুর: পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে পুনরায় শুরু হয়েছে পাথর উৎপাদনের কাজ। সাময়িক ছুটিতে থাকা শ্রমিক কর্মচারীরা পূনরায় কাজে যোগ দিয়েছেন। এতে কর্মচাঞ্চল ফিরে এসেছে খনিতে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) ভোর ৬ টা থেকে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন অতি দ্রুত শুরু করার লক্ষ্যে দ্বিতীয় শিফটে খনির উন্নয়ন কাজ শুরু করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
জিটিসি মহাব্যবস্থাপক প্রশাসন জাবেদ সিদ্দিকি জানান, পাথর খনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খনির ভু-গর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মাণসহ খনির উন্নয়নে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্বমানের অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানী করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে এসব মেশিনারিজ ও যন্ত্রাংশ সংগ্রহ এবং আমদানী প্রক্রিয়ায় সময় ক্ষেপন হওয়ায় খনির উন্নয়ন কাজে বিঘœ ঘটে। ফলে গত কয়েক মাসে খনির কার্যক্রম চালাতে জিটিসিকে লোকসান গুনতে হয় কয়েক কোটি টাকা।
সুত্রটি আরো জানায়, ইতোমধ্যে প্রায় সকল মেশিনপত্র ও যন্ত্রাংশ খনিতে এসে পৌছেছে। খনি থেকে অতি দ্রুত পাথর উৎপাদন শুরু করার জন্য উন্নয়ন কাজ অতি অল্প সময়ে শেষ করার লক্ষ্যে ২ শিফটে কাজ শুরু করা হয়েছে। জিটিসিতে কর্মরত বিদেশী খনি বিশেষজ্ঞ দল দিনে রাতে এই সকল আধুনিক মেশিনপত্র স্থাপনে কাজ করে যাচ্ছেন। পুরো উৎপাদন কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে সাময়িক কর্মবিরতিতে থাকা সকল খনি শ্রমিক চাকুরীতে যোগদান করবেন। ফলে কোন প্রকার অপপ্রচার বা প্রপোগান্ডায় কান না দেয়ার জন্য তাদেরকে আহবান জানান হয়।
উল্লেখ্য, খনি চালু নিয়ে এলাকাবাসীর মধ্যে যে জল্পনা কল্পনা ছিল দ্বিতীয় শিফটে কাজ শুরু হওয়ায় তা দুর হয়েছে।
মধ্যপাড়া গ্রাণাইট মাইনিং কোম্পানী লিমিটেড’র মহাব্যবস্থাপক মীর আব্দুল হান্নান বলেন, পাথর খনিতে আমদানীকৃত আধুনিক এই সব মেশিনপত্র বসানোর ফলে দ্রুত গতিতে উন্নয়ন কাজ শেষ হবে এবং খনির উৎপাদন বহুগুন বেড়ে যাবে। খনির উন্নয়নকালীন সময়েও খনি থেকে পাথর উত্তোলন হবে বলেও তিনি জানান।