
দিনাজপুর প্রতিনিধি: “ইশারা ভাষার উন্নয়নে-সচেতন হব প্রতিজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে দিনাজপুর বধির ইনষ্টিটিউটে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর কায়রুল আলম।
র্যালি শেষে বধির ইনষ্টিটিউটের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. বিকে বোস, শহর আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর বধির ইনষ্টিটিউটের দাতা সদস্য মো. আনোয়ারুল ইসলাম, অভিভাবক সদস্য দেবাশীষ ভট্টাচার্য, দিনাজপুর বধির ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও দৈনিক তিস্তার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট। সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোত ধারায় আনতে হবে। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ইশারা ভাষার উন্নয়নে আমাদের সচেতন হতে হবে। এই সুন্দর পৃথিবীতে যারা কথা বলতে পারে না ও শুনতে পারে না তাদের দুঃখ নিরসনে আমাদেরকে তাদের থাকতে হবে।