ঢাকা: রাজধানীর টিকাটুলী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে টিকাটুলীর ইত্তেফাক মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারি জোনের এসি (ট্রাফিক) মুনতাসির রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারালে ৮ নম্বর রুটের বাসটি সড়কদ্বীপে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে বাসের যাত্রী গোলাম হোসেনসহ চারজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসকেরা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত গোলাম হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতরা হলেন- জালালউদ্দিন (৫৬), শাহিদা বেগম (৪০) ও সুজন (২৮)। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেনও দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।