দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে যাত্রিবাহী বাসের ধাক্কায় মানু কিস্কু (৩৫) নামে অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর দশমাইল সড়কের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানু কিস্কু বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের মৃত জোসেফ কিস্কুর ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, বিকেলে অটোরিক্সাযোগে বীরগঞ্জ হতে মানু কিস্কু সদ্য বিবাহিত স্ত্রীসহ শ্বশুর বাড়ী দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-দশমাইল সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় দিনাজপুরগামী একটি বাস পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে মানু কিস্কু পাকা সড়কে পড়ে যায়। এসময় বাসটি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের লিডার মো. রিয়াজুল ইসলাম, মো. দুলাল হোসেন, মো. জয়নুল আবেদীনসহ একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ নিহত মানু কিস্কু’র লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করে।