নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কুকুরে কামড় দেয়া অসুস্থ গরু জবাই করার দ্বায়ে ৪ যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে রাসেল, মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, রবিউল হক দিয়ামত ও পৌর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল হক। জানা যায়, ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে বাবুর একটি গাভীকে ১৫দিন আগে কুকুরে কামড় দেয়। এরপর গাভীটি অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে স্থানীয় ৪ যুবকের কাছে গাভীটি বিক্রি করে। ৪ যুবক মাংস বিক্রি করার জন্য ডোমার পৌর এলাকার চিকনমাটি মোড়ে গাভীটিকে জবাই করে। বিষয়টি স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভীর মাংস, রক্ত, চামড়াসহ মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। সেই সাথে ৪ যুবকের কাছ থেকে বিশুদ্ধ খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।