খুরশিদ জামান কাকন: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতায় শহীদ হওয়া স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মরণে সৈয়দপুরের জিআরপি মোড়ে প্রতিষ্ঠিত হওয়া স্মৃতি অম্লান চত্বর পরিষ্কার করলো সেতুবন্ধনের বন্ধুরা। আজ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে স্মৃতি অম্লান চত্বর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার কর্মসূচি চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাহিম হিমেল, কার্যকরি সদস্য নাইমুল ইসলাম নয়ন, জুয়েল ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রজন্ম ৭১ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মহসিন হক, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিপিনিউজ বিডির সম্পাদক রইজ উদ্দিন রকি।
সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন জানান, স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ গড়ে উঠা এ স্মৃতি অম্লান চত্বরে ময়লা-আবর্জনার স্তূপ জমা হওয়া কখনোই আমাদের কাম্য নয়। আর তাই আমরা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে চেষ্টা করেছি এ স্মৃতি অম্লান চত্বরটি কিছুটা হলেও পরিপাটি রাখার। সৈয়দপুর পৌরসভার সহযোগীতায় পরে সেতুবন্ধনের বন্ধুরা জিআরপি মোড় ও এর আশপাশে জমা হওয়া কয়েকটি ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।