দিনাজপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় দিনাজপুর সদর উপজেলার নশিপুর হাই স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওই এলাকার ৩টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসি।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘাতক বাসচালকের শাস্তি ও নিরাপদ চলাচলের জন্য ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে গতিরোধক স্থাপনের দাবীতে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নশিপুর হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান, কলেজের অধ্যক্ষ মো. গোলাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে নশিপুর স্কুল এন্ড কলেজ, নশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোশালপুর প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী দিনাজপুর-দশমাইল সড়কের নশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় স্কুলের অফিস সহকারীসহ অপর এক ব্যক্তি নিহত হয়। এর প্রতিবাদের সোমবার এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।