কুমিল্লা: জেলার লাকসামে ব্যবসায়ী হত্যার দায়ে একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- লাকসাম সদরের পশ্চিমগাঁও গ্রামের বাবুল সাহা (৫৫), বাবুল সাহার স্ত্রী গীতা রাণী সাহা এবং তিন ছেলে মিঠুন সাহা (২৩), টুটুল সাহা (২৬) ও শিমুল সাহা (১৯)।
মামলার নথী থেকে জানা যায়, লেনদেন নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৬ নভেম্বর রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে (২৫) ছুরিকাঘাত করে আসামিরা। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন ৭ নভেম্বর নিহত জাকির হোসেনের বড় ভাই এরশাদ মিয়া খোকন বাদী হয়ে আটজনের নামে লাকসাম থানায় হত্যা মামলা করেন।