ঢাকা : গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির সাবেক এমপি ডা. আবদুল কাদের খানের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক এ সিদ্ধান্ত নিয়েছে বৈলে জানা গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, কাদের খানের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে সংস্থার উপপরিচালক বেনজীর আহমেদকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ অনুসন্ধানের তদারক করবেন পরিচালক কে এম জায়েদ হোসেন খান।
উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন কাদের খান। হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন কাদের খান। পুলিশি রিমান্ডে থাকার তিন দিনের মাথায় গত শনিবার তিনি এই জবানবন্দি দেন।