আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুতারা শহরে কারাবন্দীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের গুলিতে পাঁচ কয়েদি ও দুই কারা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টর্স।
সোমবার শ্রীলঙ্কার একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টর্স জানায় আদালতে নেয়ার সময় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রিজন ভ্যানটি কালুতারা কারাগার থেকে কয়েদিদের নিয়ে কাদুভেলা মুন্সেফ আদালতে যাওয়ার পথে হামলার মুখে পড়ে। কালুতারা শহরটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে।
শ্রীলঙ্কার প্রিজন ডিপার্টমেন্টের মুখপাত্র থুশারা উপুলদেনিয়া জানিয়েছেন, কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার সময় একটি অপরাধী দলের সশস্ত্র সদস্যরা ভ্যানের পথরোধ করে এ ঘটনা ঘটায়। নিহতদের মধ্যে অপরাধ জগতের এক ‘ডন’ রয়েছেন উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, পাঁচজন কয়েদির সবাই ও দুই কারা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত অপর নয়জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুই কারা কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।