নাটোর: ইঞ্জিনের কোনো ক্রটি নেই, জরুরি কোনো সমস্যা নেই। তাও রেলগেটে থেমে গেল ট্রেন! শুধু সিগারেট কিনতে তেলবাহী ওই ট্রেন থামালেন চালক। সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটে এ ঘটনা ঘটে।
মালঞ্চি রেলগেটের গেটম্যানের দায়িত্বে থাকা মকব্বর হোসেন জানান, গেটম্যান মেহেদী অসুস্থ থাকায় তার স্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে নাটোরের দিক থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন দেখে রেল গেট বন্ধ করে দেন। কিন্তু ট্রেনটি গেটের সামনে এসে হঠাৎ করে থেমে যায়।
সে সময় ওই ট্রেনের ইঞ্জিন থেকে একজন নেমে এসে রেলগেটের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে আবার উঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি থেমে থাকে। এ সময় গেটের দুপাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
রেলগেট সংলগ্ন রানা অটো ওয়ার্কশপের কর্মচারী প্রত্যক্ষদর্শী রাকিব জানান, পথের মাঝে ট্রেন থামিয়ে সিগারেট কেনার ঘটনা তিনি এই প্রথম দেখলেন। এতে তিনি অবাক হয়েছেন।
সিগারেট বিক্রেতা মহীদুল বলেন, ওই লোক (চালক) আমার দোকানে সিগারেট কিনতে এসে না পেয়ে ফিরে যান। পাশের বকুল স্টোরের মালিক বকুল জানান, একজন লোক ট্রেন থেকে নেমে এসে তার দোকান থেকে ১০টি বেনসন সিগারেট কিনেছেন।
নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, তেলবাহী ৯৮২ নং ট্রেনটি ১০টা ৫ মিনিটে নাটোর থেকে ছেড়ে যায়। পথের মাঝে এভাবে ট্রেন থামানোর কোনো নিয়ম নেই।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, অযৌক্তিকভাবে ট্রেন থামিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে দোষীকে রেলওয়ে আইনের আওতায় নেয়া হবে।