নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনে অভিযান চালিয়ে ভাতীয় লবণসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জিআরপি থানা পুলিশ। গতকাল বুধবার তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন, সৈয়দপুর উপজেলা শহরের বাঁশবাড়ি মহল্লার মৃত সেলিমের ছেলে সাঈদ (৪৫) ও একই উপজেলার নয়াবাজারের মৃত পীর মোহাম্মদের ছেলে মনির হোসেন (৪০)। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে লুৎফর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে রূপসা ট্রেনটি সকালে স্টেশনে এসে পৌঁছলে সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদের নেতৃত্বে জিআরপি থানা পুলিশ ওই ট্রেনে অভিযান চালায়। এসময় ১৭৭ প্যাকেট ভারতী লবণসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।