ঢাকা : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বাসসকে জানান, অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন, উপ-সহকারী পরিচালক আব্দুল জলিল ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার ফয়সালুর রহমান।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এর আগেই ওই বস্তির কয়েকশত কাঁচাঘর পুড়ে গেছে।