রাঙ্গামাটি: রাঙামাটিতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় মাটি ধসে পড়ে তিনজন নিহত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫ টার দিকে শহরের কলেজ গেইট এলাকার মন্ত্রী পাড়ায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, বাড়ির মালিক মো. শামসুল আলম, দুই শ্রমিক মো. হানিফ ও কালু মালাকার। এ দুর্ঘটনায় আনোয়ার নামে আরও একজন আহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী মনরোয়া বেগম জানান, পাহাড় কেটে বাড়ির দেয়াল নির্মাণ করছিল স্থানীয় শামসুল আলম। আর এ কাজ করছিল তিন শ্রমিক মো. হানিফ ও কালু মালাকার ও আনোয়ার। এসময় হঠাৎ উপর থেকে পাহাড় ধসে পরে। এসময় শ্রমিক আনোয়ার লাফিয়ে পরে আত্মরক্ষা করতে পারলেও ঘটনাস্থলে মাটি চাপা পরে নিহত হয় বাড়ির মালিকসহ বাকি দুই শ্রমিক। খবর পেয়ে ছুটে আসে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় এলাকাবাসী। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় তিনজনের মৃতদেহ। পরে তাদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার জানান, উদ্ধারকৃত তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহতদের লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা।