সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় আতিয়া মহলকে ঘিরে চলছে জঙ্গিবিরোধী অভিযান। রোববার (২৬ মার্চ) ভোর থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। ওই ভবনের ভেতর থেকে জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা ছুঁড়ছে।
অভিযানস্থল এবং এর আশপাশের এলাকা পুরোপুরি কর্ডন করে রেখেছে সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া শনিবার রাতে বোমা বিস্ফোরিত এলাকা সিআডির ক্রাইম সিন ইউনিট ফিতা টানিয়ে সুরক্ষিত রেখেছে। ঘটনার পর থেকে যান চলাচল বন্ধ রয়েছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে।
নিহত পুলিশ কর্মকর্তারা হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার। তারা দু’জনই পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্য ছিলেন বলে জানান জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।
অপর নিহতরা হলেন- জান্নাতুল ফাহিম, অহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ২ পুলিশসহ ৬জন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি।