সিসি ডেস্ক: বান্ধবীর ছেলের পোশাক কিনতে নগরীর সাহেব বাজার গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সোনিয়ারা খাতুন সুমি। সমবায় মার্কেটে কেনাকাটা সেরে আরডিএ মার্কেটের একটি দোকানে আগের কেনাকাটার কিছু ব্যাগ রেখে আসেন। তবে ব্যাগগুলো ফেরত নিতে সেই দোকানে গেলে ভুলক্রমে অন্য একটি ব্যাগ দিয়েছিলেন দোকানের কর্মচারীরা। কিন্তু সুমি জানতেন না যে ব্যাগটি এক লাখ টাকায় ভর্তি। বাড়িতে পোশাক বের করতে গিয়ে টাকাগুলো দেখতে পান সুমি। বুধবার রাতের ঘটনা এটি। পরে প্রমাণ সাপেক্ষে মালিককে টাকাগুলো ফেরত দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অফিস কক্ষে শিক্ষকদের উপস্থিতিতে ব্যাগের মালিককে টাকাগুলো ফেরত দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, আমার বান্ধবীর ছেলের পোশাক ক্রয় করতে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করার পর উষা ফ্যাশনে যাই। আগের কেনাকাটার ব্যাগগুলো সেখানে রাখি। পোশাক কেনা শেষে ওই ব্যাগগুলোর সাথে ভুলক্রমে তাদের এক লাখ টাকা ভর্তি ব্যাগটি আমাকে দিয়ে দেয়।
তিনি আরো জানান, দোকানের ব্যাগে যে মোবাইল নম্বর ছিল সে নম্বরে ফোন করে তাদের গণিত বিভাগের অফিসে আসতে বলেছিলাম। শিক্ষকদের উপস্থিতিতে প্রমাণ সাপেক্ষে টাকার প্রকৃত মালিক তা ফেরত নিয়েছেন।
সুমির সততায় মুগ্ধ হয়ে উষা ফ্যাশনের মালিক সেতু বলেন, সততার পরিচয় দিয়ে টাকা ফেরত দেয়ায় আমি সুমির প্রতি সন্তুষ্ট এবং চিরকৃতজ্ঞ।