বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে হোটেল শ্রমিক আকরাম আলিকে(১৫) পিটিয়ে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে রাখা হয়। ৭ এপ্রিল রাতে যে কোন সময়ে উপজেলার দামোদরপুর ইউপির শেখেরহাটে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, হোটেল শ্রমিক আকরাম আলি শেখেরহাটে সোলেমান আলি নামে এক ব্যক্তির হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। মালিকের কাছে আকরাম ৪ মাসের বকেয়া বেতন ৪ হাজার টাকা পায়। এই টাকা চাইতে গিয়ে হোটেল মালিক ও আকরাম আলির মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে আকরাম নিজ বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউপির মাটিয়াপাড়া গ্রামে চলে যায়। হোটেল মালিক সোলেমান তার বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে আবার হোটেলে নিয়ে আসে এবং গত রাতে সোলেমান ও তার ছেলে মোজাফ্ফর মিলে আকরামকে পিটিয়ে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে দেয়। শেখেরহাটের মার্কেট মালিক ইউনুস আলি জানান; ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় দেখতে পাই সোলেমান আলির পিঠে আকরামের লাশ। ঘটনা জানতে চাইলে সোলেমান আলি হুমকি প্রদান করেন তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমারও একই পরিনতি হবে।
এ দিকে সোলেমান আলির ভাই রফিকুল ইসলাম বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে।