রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুকে রোববার দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দফায় দফায় বৈঠক করার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পাঠদান, শিক্ষকদের অনুপস্থিতি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি না থাকায় শিক্ষাকার্যক্রম একেবারেই ভেঙ্গে পড়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী বিভিন্ন স্থানে বিষয়টি অবহিত করে এর প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বিজুকে তার কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সঙ্গে তার মুঠোফোন কথা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থলে ইউএনও মহোদয়সহ আমি এসেছি। বিষয়টি নিয়ে বৈঠক চলছে। অবরুদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সবমিলিয়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।