ঢাকা: দেশীয় ব্র্যান্ড ও শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজেদের অনলাইন নিউজপোর্টালে উদ্দেশ্যমূলক মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আহমেদ রাজুকে গ্রেফতার করে পুলিশ।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আইসিটি মামলাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। ৫৭/৬৬ ধারায় করা মামলায় আহমেদ রাজু গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যতদ্রুত সম্ভব চার্জশীট দেয়া হবে।’
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় ডটকম দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ালটন’ মোবাইল নিয়ে মিথ্যা তথ্যনির্ভর একাধিক প্রতিবেদন প্রকাশের অভিযোগ উঠে। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে নেতিবাচক প্রচার চালায়। যা দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টা হিসেবে বিভিন্ন মহলে চিহ্নিত হয়েছে।