বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর থেকে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকা থেকে হাকিমপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। একইসঙ্গে অপহৃতকে উদ্ধার করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মটরপাটর্স ব্যবসায়ী গোলাম মোস্তফা বিপু (৩২) মঙ্গলবার দুপুরে হিলিতে ব্যবসায়িক কাজে আসেন। এসময় উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মেরিল (২৬) একই গ্রামের ফিরোজ আলীর ছেলে সাগর (৩০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (৩২), রিয়াজুল ইসলামের ছেলে পলাশ (৩০) ওই ব্যবসায়িকে মটর সাইকেলে করে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে সাগরের বাড়ীতে তাকে আটকে রেখে বিপুর চাচাতো ভাই নজরুল ইসলামের কাছে মোবাইল করে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি বিপুর পরিবার ওই রাতেই থানায় জানালে পুলিশ সাগরের বাড়ী থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে বিপুর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আসামীদের দিনাজপুর আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।