ঝিনাইদহ প্রতিনিধি : বজ্রপাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কালীগঞ্জে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।এরা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আমানউল্লাহ (৪৫), একই উপজেলার পুলতাডাঙ্গা গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের স্ত্রী আনজুআরা (৪৫)।
নিহত আনজু আরার ভাই শরিফ জানান, বিকেল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়। এসময় তার বোন বাড়ির পাশে ধান গোছানোর কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
এদিকে হরিণাকুণ্ডুতে নিহত আমানউল্লাহর ছোট ভাই আয়াতউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই বিকেলে মাঠ থেকে ধান আনার সময় বজ্রপাতে মারা যান। মিরাজ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয়রা।