রংপুর : রংপুরে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বুধবার (২৪ মে) এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার রাতে তাদের গাইবান্ধা ও দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর পোড়া হাড়িয়া এলাকার বাদশা মিয়ার ছেলে বাদল হানজালা (৩২) এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকার ঘোড়াবান গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৫)।
রংপুর র্যাব-১৩ এর সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অধিনায়ক এটিএম আতিকুল্লাহ বলেন, গাইবান্ধার বাসস্ট্যান্ড থেকে বাদল হানজালা এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা জেএমবির সক্রিয় সদস্য এবং জিহাদ ও কিতাল সম্পর্তিক বিভিন্ন লিফলেট বিতরণ করতো।
এছাড়া বাদলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ এবং বেলালের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার ওয়ারেন্ট রয়েছে। এ সময় কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, সহকারী পরিচালক খন্দকার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।