ঠাকুরগাঁও : জেলার সদর উপজেলার সালন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। এর মধ্যে মারাত্মক আহত ২ শিশুসহ ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দু’জন হলেন- ফারজানা ইয়াসমিন মিতু (২২) ও আইভি আক্তার (২৪) । মিতু সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ভুতপাড়ার সফিকুল ইসলামের কন্যা ও আইভি সালন্দর চৌধুরীপাড়া ফিডমিলের ইদু মোহাম্মদের স্ত্রী। এদের দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায় । আহত ৮ জনের মধ্যে ময়ুরি (৪) , শিউলী (১৫) ও অটো ড্রাইভার শাহাদাতকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে মরণাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ , প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সালন্দরে দু’দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে যায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো। এতে ট্রাক দু’টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও অটোটি দুই ট্রাকের চাপে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাইভারসহ অটোর সব যাত্রীই আহত ও নিহত হন।
ধ্বংসস্তূপের ভেতর থেকে আহত ও নিহতদের দেহ উদ্ধার করতে পুলিশ ও দমকল বাহিনীর প্রায় দেড় ঘণ্টা লাগে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি তদন্ত এটিএম শিফাতুল মাজদার জানান, ট্রাক দুইটি’র (কুষ্টিয়া-ট-১৮-০৯৬২ ও ঢাকামেট্রো-৬-১৮-২৩৬১) চালকরা পলাতক রয়েছেন। তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে।