
প্রতিকী ছবি
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতেরা হলেন, পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার কবির হোসেনের ছেলে পঞ্চগড়ের শতাব্দী ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপের মালিক আব্দুল মালেক (৩৪) ও রামের ডাঙ্গা মহল্লার লাম মিম ছাপাখানার মালিক আব্দুল বারেক আলীর ছেলে মোক্তার হোসেন (৩২)। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়ি ডুলঢুকির মোড় নামক স্থানে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মালবোঝাই একটি ট্রাক ডোমার অভিমুখেমুখে যাচ্ছিল। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী দুইজন উক্ত ট্রাকটিকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। বৃষ্টির কারনে পাকা সড়কে মোটরসাইকেলটি স্লিপ কেটে উল্টে গেলে তারা দুইজনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের কাছে তাদের বাড়ির মোবাইল নম্বর পেয়ে সেখানে খোঁজ নিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত দুইজন সকালে পঞ্চগড় হতে রংপুর গিয়েছিল। কাজ শেষে পঞ্চগড় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা যায়।