ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নাগর নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই বোনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের নাগর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বুধবার (২ আগস্ট) বেলা ২টার দিকে নাগর নদীতে গরু পার করার সময় তারা নিখোঁজ হয়।
দুই বোন হল- বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়নের বড় চড়ইগাথী গ্রামের তাহের আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নসিমন আক্তার (১২) এবং তৃতীয় শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার (১০)।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান জানান, বুধবার বেলা ২টার দিকে নসিমন ও মাহফুজা বালিয়াডাঙ্গীর সীমান্ত এলাকার নাগর নদীর চরে গরুকে ঘাস খাওয়াতে যায়। ঘাস খাওয়ানো শেষে গরু পার করার সময় তারা গরুর লেজ ধরে নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোতে মাহফুজা তলিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নসিমনও পানিতে ডুবে যায়। বৃহস্পতিবার দুপুরে প্রথমে মাহফুজার লাশ নদীতে ভেসে ওঠে। পরে দুপুর ২টার দিকে নসিমনের লাশ পাওয়া যায়।