ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বদু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নূরপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনায় আখাউড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম ও কনস্টেবল নয়ন বিকাশ চাকমা আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের দাবি, নিহত জালাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি উপজেলার বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৫টি মামলা রয়েছে আখাউড়া থানায়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, শুক্রবার সকালে জালাল ভারত থেকে এসে এলাকায় ঢুকলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার দেওয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে নূরপুর গ্রামে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দু’পক্ষে গোলাগুলির সময় মাদক ব্যবসায়ীদের ছোঁড়া গুলিতে জালাল আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।