মো. আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ।। দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ বাজার “শরীফ এয়ার ট্রাভেলস” এর স্বত্ত্বাধিকারী শরীফুল ইসলাম এলাকার ৩২ জন হজ্ব গমনেচ্ছুদের বিমান ভাড়ার প্রায় ৮০ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘোড়াঘাট এলাকার ৩২ জন ব্যক্তি ২০১৭ সালে হজ্বব্রত পালনে যাওয়ার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। এ উদ্দেশ্যে হজ্ব এজেন্সী আজিজিয়া ইন্টারন্যাশনাল এর এজেন্টের নিকট জমা প্রদানের জন্য ওই ৩২জন যাত্রীর নিকট হতে রানীগঞ্জ বাজারস্থ ‘‘আল হেরা প্রি-ক্যাডেট” ও “শরীফ এয়ার ট্রাভেলস” এর স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম ৮০ লক্ষ টাকা আদায় করে নিয়ে উধাও হয়ে যায়।
এ ব্যাপারে ৩২জন হজ্ব যাত্রীর পক্ষে কৃষ্ণপুর (মরিচা) গ্রামের জাহাঙ্গীর আলম বাদশা নামে হজ্বযাত্রী গত ৮ আগষ্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি অভিযোগ পত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পত্রটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ এর নিকট প্রেরণ করেন।
নিরুদ্দেশ শরিফুল ইসলামের সহযোগী কর্মচারী মাওঃ মোঃ মহসিন আলী জানান, গত ৬ আগষ্ট রবিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম আমাকে ঢাকায় হজ্ব এজেন্সী আজিজিয়া ইন্টার ন্যাশনাল অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার কথা বলে চলে যান। এরপর তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাই এবং খোঁজ খবর করে তাকে পাওয়া যায়নি।
এদিকে হজ্বে গমনেচছুক ৩২জন হজ্ব যাত্রী গত ৮ আগষ্ট ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিলকৃত অভিযোগ পত্রে সহযোগি মহসিন আলী স্বাক্ষর করেছেন। অপরদিকে পুলিশ, নিরুদ্দেশ শরীফুলকে খুঁজে বের করার জন্য সহযোগি মহসিন আলীকে নির্দেশ দিয়েছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শরীফুলের বড় স্ত্রী হাজেরা বেগম এর নিকট জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ৬ আগষ্ট রবিবার সন্ধ্যায় ছোট স্ত্রী মুক্তা বেগম এর নিকট যাওয়ার কথা বলে আমার কাছ থেকে চলে যায়। এরপর হতে আমি তার ফোন বন্ধ পাচ্ছি।
উল্লেখ্য ১০/০৮/১৭ইং তারিখে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ জামে মসজিদের দেয়ালে টানানো শরীফ এয়ার ট্রাভেলসের সাইন বোর্ড সরিয়ে ফেলা হয়েছে এবং মসজিদের অজুখানার উপরে অবস্থিত এজেন্সীর অফিসে তালা ঝুলতে দেখা গেছে।