সিসি ডেস্ক: বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে নিজ খরচে ত্রাণ বিতরণ করেছেন তিনি। এদিন দুপুরে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারিতে পৌঁছান এ চিত্রনায়ক। সেখানে তিনটি ইউনিয়নের প্রায় ২৪’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’
সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন।’
ত্রাণ বিতরণ করা এসব পরিবারের মধ্যে রয়েছে চিলমারির থানাহাট ইউনিয়নের ১১’শ পরিবার, রমনা ইউনিয়নের ৮’শ পরিবার ও চিলমারি ইউনিয়নের ৫’শ পরিবার।
চিলমারিতে অনন্ত জলিলের হেলিকপ্টার নামার পর সেখানে বন্যা দুর্গতদের পাশাপাশি উৎসুক জনতার ব্যাপক ভিড় সামলাতে হিমসিম খেয়েছে স্থানীয় প্রশাসন। তবে আগে থেকে সব আয়োজন করা ছিল বলে জানিয়েছেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।