সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় তৌহিদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজনু রহমানের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধানএ তথ্য জানিয়েছেন।
নিহত তৌহিদা বেগম উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা শাহপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। অভিযুক্ত মজনু রহমান উপজেলার পূর্ব খামারপাড়া এলাকার জুগির ঘোপা গ্রামের মৃত দলিমত আলীর ছেলে। মজনু ও তৌহিদা বেগম দম্পতির দুই সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে মজনু মিয়ার সঙ্গে তৌহিদা বেগমের বিয়ে হয়। তারা কয়েক মাস ধরে কাচিনীয়া হাটের ফেরদৌস মাস্টারের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিল। মজনু কাজের প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এতে স্ত্রীর সঙ্গে তার দূরুত্ব তৈরি হয় এবং এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। শুক্রবার রাতেও ঝগড়া শুরু হয় এবং এর একপর্যায়ে মজনু মিয়া স্ত্রী তৌহিদাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এসময় এ দম্পতির দুই সন্তানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তৌহিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল মতিন প্রধান বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক মজনুকে আটক করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় এক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’