সিসি নিউজ: রাজধানীর মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা জঙ্গি আস্তানার ওই ছয়তলা ভবন থেকে বেরিয়ে এসে ‘জঙ্গি আবদুল্লাহ’র এক বোন আত্মসমর্ণ করেছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক রাইসুল ইসলাম জানান, জঙ্গি আবদুল্লাহর বোন মেহেরুন্নেসা বাসা থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। তিনি এখন র্যাবের হাতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, ওই আস্তানায় আরও অন্তত সাতজন অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহ বোন মেহেরুন্নেসাকে দিয়ে ‘জঙ্গি আবদুল্লাহ’কে আত্মসমর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে র্যাব। এ ছাড়া ওই বাড়ির ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন্য নারী, ২৬ জন পুরুষ ও ১৫টি শিশু।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধনবাড়ি এলাকার ৬ তলা একটি ভবনকে ঘিরে ফেলে র্যাব। টাঙ্গাইলের এলেঙ্গায় আটক দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাজার রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় র্যাবকে লক্ষ্য করে কয়েক দফা গুলি চালায় জঙ্গিরা। রাত একটার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমাও ছোঁড়া হয়।
এলাকাবাসী জানান, যে বাড়িটিতে অভিযান চলছে, সেই বাড়িটির নম্বর ২/৩/বি। এর মালিক টিঅ্যান্ডটির কর্মকর্তা মোহাম্মদ আজাদ। বাড়িটির নাম ‘কমলপ্রভা’। আজাদ সাহেব নিজে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।