সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে এক জামায়াত নেতা অতিথি থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। আজ শনিবার দুপুরে জলঢাকায় নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা সৈয়দ আলী অতিথি হওয়ায় অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
দুপুর দেড়টার দিকে ঐ কমপ্লেক্সের উদ্বোধন শেষে সেখানেই স্থানীয় মুক্তিযোদ্ধাদেও সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের কয়েকজন অতিথি ও মুক্তিযোদ্ধার বক্তব্যেও পর জলঢাকা উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত চেয়ারম্যান সৈয়দ আলী বক্তব্য দেন। এসময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে জামায়াত নেতাকে অতিথি করায় উত্তেজিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।
এদিকে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পুলিশ সুপার জাকীর হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও জলঢাকার সাবেক কমান্ডার হামিদুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।