কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে বিজিবির হাতে ৩ যুবক আটক হয়েছে। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার নীলগঞ্জ বেতরা মাইজকাপুর গ্রামের মতি মিয়ার ছেলে আল আমিন (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২৩) ও আব্দুল কাদেরের ছেলে আরমান আলী (২৫)।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় আটককৃত যুবকরাসহ আরও ৩জনের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ফুলবাড়ী বালারহাট বিওপির নায়েক সুবেদার আবু তাহের জানান, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে তার নেতৃত্বে বিজিবির টহল খালিশা কোটাল সীমান্তে টহলে বের হয়। এ সময় ওই সীমান্তের ৯৩৪/১১ আর্ন্তজাতিক পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে ৩ যুবক বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের ফুলবাড়ী থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।