ঢাকা: ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, তিন আসামির যাবজ্জীবন ও এক আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের আইনজীবী সিকদার মকবুল হক বলেন, আপিল বিভাগ কোন যুক্তিতে আপিল খারিজ করেছেন, তা পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে। রায়ের কপি হাতে পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা।
২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খালাফ হত্যার ঘটনায় ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দেন।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এর ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে এক আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ৩ আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। এক আসামিকে খালাস দেয়া হয়।
হাইকোর্ট রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।