লক্ষ্মীপুর, ২ নভেম্বর: লক্ষীপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্টুজ, ১১টি কার্টুজের খোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।
নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তবে দীর্ঘদিন থেকে পূর্বাঞ্চলে সন্ত্রাসী রাজত্ব্ কায়েম করে আসছিল।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয় বলেও জানান তিনি। স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।