সিসি নিউজ, ১০ নভেম্বর: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পাগলাপীরে সংখ্যালঘুদের অন্তত ৫টি বাড়িতে আগুন দেয়া হয়েছে। একই সময় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের সময় মুসল্লীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন গঙ্গাচরা থানার ওসিসহ পুলিশের ১৫ সদস্য। নিহত ব্যাক্তির নাম হামিদুল ইসলাম।
মুসল্লিদের অভিযোগ, তিন দিন আগে টিটু রায় নামে এক ব্যক্তি ইসলাম ধর্মের অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরই প্রতিবাদে জুম্মার নামাজ শেষে পাগলাপীর গ্রামের মুসল্লীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
এসময় মহাসড়কের পাশেই টিটু রায়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। আগুন দেয়া হয় পাঁচটি বাড়ির ১০টি ঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে, ৪ জন গুলিবিদ্ধ হয়। মহাসড়ক অবরোধের কারণে ঢাকার সাথে চার জেলার যোগাযোগ বন্ধ রয়েছে।