
দিনাজপুর, ১৩ নভেম্বর: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের দু’জন আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
ঘটনাটি ঘটেছে, আজ সোমবার সন্ধে সাড়ে ৬টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল কলাহাটি এলাকায়। নিহতরা হলেন,দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের নাসিম (২২) ও চন্দন (২০)। আহত গৌরাঙ্গ(২৩)কে দিনাজপুর এম.আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদেক জানান, কান্তজীউ মেলা থেকে তিন বন্ধু মোটর সাইকেল যোগে ফিরছিলো। পথে দশমাইল কলাহাটি এলাকায় বিপরীত মূখি একটি ট্রাককে পাশকাটাতে গিয়ে হাইড্রলিক ব্রেক চেপে ধরলে মোটর সাইকেলটি উল্টে পড়ে। এতে চলন্ত ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে মোটর সাইকেলের আরোহী নাসিম (২২) ও চন্দন (২০)। আহত হয় গৌরাঙ্গ।
ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসি বেশ কিছুক্ষন দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।