সিসি ডেস্ক, ১৪ নভেম্বর: পটুয়াখালীতে স্থাপন করা হচ্ছে দেশের ৩১তম সেনানিবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেনানিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়টিতে গুরুত্ব দিয়েই স্থাপন করা হবে সেনানিবাসটি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পেয়েছে এই প্রকল্প।
দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ উপকূলীয় এলাকা বরিশাল ও পটুয়াখালীতে নেই কোনো সেনানিবাস। কিন্তু জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে অঞ্চলটি গুরুত্বপূর্ণ এবং দুর্যোগপূর্ণ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিতে হয় যশোর সেনানিবাসের। এ সব দিক বিবেচনা করে হাতে নেয়া হয়েছে দেশের ৩১তম সেনানিবাস স্থাপন প্রকল্প।
পায়রা নদীসংলগ্ন লেবুখালীতে এক হাজার ৫৩২ একর জমিতে এ সেনানিবাস গড়ে তোলা হবে। সরকার ঘোষিত ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাস্তবায়ন করা হবে প্রকল্পটি।
চলতি অর্থবছর কাজ শুরু হবে এবং ২০২১ সালের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করবে ঢাকা সেনানিবাস। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৬৯৯ কোটি টাকা।
শেখ হাসিনা সেনানিবাসসহ মঙ্গলবার একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ১০টি প্রকল্প।