সিসি নিউজ, ২১ নভেম্বর: ঢাকা মেডিকেল থেকে এবার তিন মাস বয়সী এক শিশু চুরি হয়েছে। গত রাত ১২ টা থেকে একটার মধ্যে শিশুটি চুরি হয়েছে বলে অভিযোগ মা সুমাইয়া আক্তারের। বাবা চিকিৎসাধীন থাকায় মায়ের সাথে হাসপাতালে ছিলো শিশুটি। অভিযোগ পাওয়ার পরই উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। সিসি টিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।
৩১ অক্টোবর ঢাকা মেডিকেলে ভর্তি হন ময়মনসিংহ গফরগাঁওয়ের জুয়েল। সেদিন থেকে তিন মাসের মেয়ে জিম ও পাঁচ বছরের ফাতেমাকে নিয়ে হাসপাতালে আছেন স্ত্রী সুমাইয়া।
রাতে ৭০১ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বেডে মেয়েদের নিয়ে ঘুমিয়ে ছিলেন সুমাইয়া। ১২ টার পর হঠাৎ ঘুম ভেঙ্গে দেখেন জিম তার পাশে নেই।
শিশুটির খালাতো ভাই রাফসান জানান, জিম নিখোঁজ হওয়ার পরই বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যকে জানানো হয়েছে। কিন্তু কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, পুরো ভবন তল্লাশি করেও শিশুটিকে পাওয়া যায়নি।
অনুসন্ধান শুরু করেছে শাহবাগ থানা পুলিশও। রাত ১১টার পর হাসপাতালের ভবনটির মাত্র দুটি গেট খোলা ছিলো। তারপরও শিশু চুরি হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীরা ।