বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৭৯ বছর বয়সে সোমবার মুম্বইয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকের আবহ বলিউডে।
১৯৩৮ সালের ১৮ মার্চ কলকাতায় জন্ম শশীকাপুরের। ১৯৪৮ সালে ‘আগ’ ও ‘আওয়ারা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে পান প্রথম খ্যাতি।
১৯৬১ সালে ধর্মপুত্র ছবিতে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। ১৭৫টিরও বেশি হিন্দি ও আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
মূল চরিত্রের পাশাপাশি ভূমিকা রেখেছেন সহশিল্পী হিসেবেও। অভিনেতার পাশাপাশি ছিলেন সফল পরিচালক ও প্রযোজক।
পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ পেয়েছেন নানা সম্মাননা। ২০১৫ সালে শশী কাপুরকে সম্মানিত করা হয় দাদা সাহেব ফালকে পুরষ্কারে।