সিসি নিউজ, ৪ এপ্রিল: রংপুরে নিখোঁজ আইনজীবী ও আ.লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করেছে র্যাব। নিহত রথীশ চন্দ্রের নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে তাঁর লাশ মাটিচাপা দেওয়া ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রথীশের লাশ উদ্ধার করা হয়। রথীশের ভাই সুশান্ত ভৌমিক লাশ শনাক্ত করেন। র্যাব-১৩ অধিনায়ক আরমিন রাব্বি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, রথীশের স্ত্রী স্নিগ্ধা ভৌমিক এবং স্নিগ্ধা দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাত সাড়ে আটটায় অভিযানে নামে র্যাব। তাঁদের দেওয়া তথ্য মতে লাশের সন্ধান পাওয়া গেছে।
সূত্র মতে, রথীশের স্ত্রী স্নিগ্ধা ভৌমিক পরকীয়া প্রেমিক স্কুল শিক্ষক কামরুল সহ ৩ ভাড়াটে খুনী রথীশ হত্যাকান্ডে জড়িত ছিলো বলে জানা গেছে।
এর আগে গত ৩০ মার্চ রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন। নিখোঁজের পর তাঁর রক্তমাখা শার্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মঙ্গলবার বিভিন্ন সংগঠন রথীশ চন্দ্রের নিখোঁজের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করে।