সিসি নিউজ, ৯ এপ্রিল : রংপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সিরাজুল ইসলামকে ঘুষ নেওয়ার সময় ৬০ হাজার টাকা সহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সন্ধায় নগরীর কাচারি বাজারে অবস্থিত নিজ অফিস কক্ষ থেকে তাকে আটক করে।
দুদকের পরিচালক (ঢাকা) নাসিম আনোয়ার বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার শারমিন আক্তার নামে এক সহকারী শিক্ষিকার কাছে ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলি করাতে ৮০ হাজার টাকা ঘুষ ঠিক করেন। গত সপ্তাহে ২০ হাজার টাকা অগ্রীম নেন তিনি। আজ বাকি ৬০ হাজার টাকা দেওয়া হবে এমন তথ্য পেয়ে সকালে আমরা ঢাকা থেকে রংপুরে আসি। সকাল থেকেই আমরা তার অফিসে নজরদারি করছিলাম। এরপর শারমিন নামে ওই শিক্ষিকার কাছে যখন তিনি ৬০ হাজার টাকা নেন তখনই আমরা তার অফিসে অভিযান চালাই এবং তাকে চ্যালেঞ্জ করি। এ সময় টাকাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হই আমরা।
দুদকের পরিচালক (ঢাকা) নাসিম আনোয়ার আরও বলেন, সিরাজুল ইসলামের অফিস কক্ষের টেবিলের উপর ঘুষের ৬০ হাজার টাকা রাখা ছিল। ঘুষ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।