সিসি নিউজ, ১২ এপ্রিল: সরকারীভাবে মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা প্রকাশের দাবিতে আজ বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের ১২ এপ্রিল রাতে পাকিস্তানী হানাদার বাহিনী সৈয়দপুর শহরের ১৫০ জন মুক্তি সংগ্রামী, রাজনৈতিক ও পেশাজীবি বন্দিকে রংপুরের নিসবেতগঞ্জে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে সেখানেই গণকবর দেয়া হয়।
৭১ সালের ২৪ মার্চ রাতে পাক বাহিনী প্রতিরোধ সংগ্রামী নেতৃত্বদানকারী এসব মুক্তিকামীদের আটক করে সৈয়দপুর সেনানিবাসে বন্দি করে তাদের ওপর চালানো হয় নিষ্ঠুর নির্যাতন।
হত্যাযজ্ঞের এ দিনটিকে স্মরণে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ ও সম্রণিকা পরিষদের , উদ্যোগে কালো ব্যাজ ধারন, শহরে কালো পতাকা উত্তোলন, স্মৃতি অম্লানে শ্রদ্ধা নিবেদন শেষে শহরে শোক র্যালী এবং স্মৃতি অম্লান চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নূরুজ্জামান জোয়ারদার, শহীদ পরিবারের সদস্য রফিকুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন লিটন, মহসিনুল হক, একেএম রাশেদুজ্জামান, এম আর আলম ঝন্টু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রজম্ম’৭১ সাংগঠনিক জেলা শাখার সভাপতি এ এ মঞ্জুর হোসেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জোবায়দুর রহমান শাহীন।
এর আগে সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি শোক পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ, শহীদের সন্তান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।