নরসিংদী, ২৮ মে: নরসিংদীর শিবপুর থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয়দানকারী মকবুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার বণ্যার বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
বাজারের ব্যবসায়ীরা জানান, রাতে তারাবি নামাজের সময় ৮/১০ জনের একটি মুখোশধারী চক্র মকবুলের দোকানে গিয়ে মকবুলকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছন্ন করে ফেলে। একটি হাতও কেটে ফেলে। এ সময় আশপাশের লোকজন দৌড়ে গেলে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
জানা যায়, শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামের আব্দুল মতলিব মিয়ার ছেলে মকবুল হোসেন পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতো। পাশাপাশি বণ্যার বাজারে একটি ফ্লেক্সি ও বিকাশের দোকান পরিচালনা করতো। এই ব্যবসার অন্তরালে পুলিশের সোর্সের কাজ করাই ছিল তার প্রধান কাজ।
ব্যবসায়ীরা আরো জানান, পুলিশের সোর্স হিসেবে বিভিন্ন ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দিত মকবুল। আর এতে পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে রক্ষা পেতে হতো ওই ব্যক্তিদের। এ কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের।
এলাকাবাসী জানায়, মকবুল অনেক আগে থেকেই এলাকায় চুরি ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল। যার কারণে একাধিকবার জেলও কেটেছে।
তবে মকবুল পুলিশের সোর্স ছিল না বলে দাবি করেছে শিবপুর থানা পুলিশ। তারা বলছে, সে আগে খারাপ থাকতে পারে। বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা আমরাও শুনেছি। তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত থাকতে পারে সেই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, এছাড়া মকবুল ২০০৫ সালে চাঞ্চল্যকর তুফাচাঁন হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ছিল। বর্তমানে তার বিরুদ্ধে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন জেল খাটার পরে জামিনে ছাড়া পেয়ে বণ্যার বাজারে দোকান দেয় সে।
খবর পেয়ে রাতেই শিবপুর মডেল থানার এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ ও প্রাথমিক আলামত সংগ্রহ করার পর লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।