সিসি ডেস্ক, ২২ জুন: নরসিংদীর রায়পুরায় বিদেশের জন্য জমা দেয়া টাকা উদ্ধারে মামলা দায়ের করে হেরে গিয়ে দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন কাজল মোল্লা (৩২) নামে এক অটোরিকশা চালক।
বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লায় বাড়ির পাশে এ ঘটনাটি ঘটেছে।
নিহত কাজল মোল্লা রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লার মৃত আজিজ মোল্লার ছেলে ও তার দুই সন্তান হলেন ৮ বছর বয়সী মেয়ে কাকলী আক্তার ও ৫ বছর বয়সী সোয়ান মোল্লা।
নিহতের পরিবার ও রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, কাজল মোল্লা গত ৩ বছর ধরে নিজ বাড়িতে না থেকে পার্শ্ববর্তী নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। এরই মধ্যে তিনি তার পাশের বাড়ির দুঃসম্পর্কের চাচা সিরাজ মিয়ার মেয়ের জামাই কিশোরগঞ্জের রুহুল আমিনকে বিদেশে যাওয়ার জন্য ঋণ করে কয়েক লাখ টাকা জমা দেন। কিন্তু দীর্ঘদিনেও রুহুল আমিন বিদেশ নিতে না পারায় কাজল মোল্লা নরসিংদীর আদালতে একটি মামলা করেন। গত বৃহস্পতিবার ওই মামলায় রায়ে কাজল মোল্লা পরাজিত হন। এদিকে ঋণের টাকার জন্যও পাওনাদাররা চাপ প্রয়োগ করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানদের নিয়ে সে আত্মহত্যা করেছে। তদন্তের আগে এর বেশি কিছু বলা সম্ভব নয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন কাজল। পরে শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ডোবার পাশে কাকলী আক্তার ও সোহানের লাশ পাশাপাশি দেখতে পায়। আর কাজল মোল্লাকে পাশেই একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।